পর্বতসম হস্তিকে সরানো তরুণরা নতুন বাংলাদেশ গড়বে: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে আছে। আমরা আশা করছি বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা (ঢাকসু, জাকসু, চাকসু ও রাকসু) ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব বলেন। জামায়াতের আমির বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্রসংসদ নির্বাচনগুলোতে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্রসংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, পর্বত সমান হস্তিকে যে তরুণেরা সরিয়ে দিয়েছে সেই তরুণেরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।



