জাতীয় সংবাদ

এবার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

জুমা-আম্মারসহ আহত শতাধিক

শাহবাগে দফায় দফায় পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এক জুমায় গুলিতে নিহত হলেন- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, ঠিক একইভাবে জুমার দিনই গুলিবিদ্ধ হলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকা-ের তদন্ত ও হত্যায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে সংগঠনটির শতাধিক সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
আহত উল্লেখযোগ্যরা হলেন-আম্মার (২৪), আব্দুল্লাহ আল জাবের (২৪), ঝুমা (২৪), মনির (২৪), ফয়সাল (২৪), জয় (২৪), জুলকার (২৩), মোশাররফ (২৪), নিলয় (২৩), অনিক(২৪), উমর (২৪), রাহাত (২৩), রাসেল (২৪), আহাদ (২৩), মাহিন (২৪), আজাদ (২৪), শামিম (২৩), সোহেল (২২), শাওন (৩২), জাবেদ (৩০), ঝুমা (৩০), আম্মাদ (৩০), শামিম (২৮)
তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ঢামেকের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, এখন পর্যন্ত ২০-২৫ জন এসেছে। তাদের সবাই আহত। তবে, গুলিবিদ্ধ বা রাবার বুলেটে বিদ্ধ কেউ এসেছে কি না, সেটা এখনই বলতে পারব না। ভর্তি ছাড়াই অনেককে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চের এক বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’ সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে এ ঘটনায় আহত হয়েছেন।
জুলাই মঞ্চের এক ফেসবুক পোস্টে জানানো হয়, ‘শহিদ ওসমান হাদির বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে নির্মমভাবে হামলা চালিয়েছে পুলিশ। হামলায় গুলিবিদ্ধ হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল যাবেরসহ বেশ কয়েকজন সদস্য। আহত হয়েছেন ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।’ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেও দাবি করেছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন। শুক্রবার বিকালে সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা।
এর আগে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়ে আসছেন, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।
শাহবাগে দফায় দফায় পুলিশ-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ : রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তারা কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগে জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন।
শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়। পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।
জানা যায়, জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সংগঠনটি নিশ্চিত করেছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সমানে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button