স্থানীয় সংবাদ

খুলনায় মামলা প্রত্যাহারে ব্যর্থ হয়ে হুমকি ও পথরোধের অভিযোগ : থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় পথরোধ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রোববার রাতে নগরীর সার্কিট হাউস মাঠের সামনে এই হুমকির ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। ভুক্তভোগী মো: জাকারিয়া খান (৩০) দীঘলিয়া থানার বারাকপুর গ্রামের বাসিন্দা এবং ‘মুক্তিযোদ্ধা পল্লী পুনর্বাসন প্রকল্প’-এর প্রতিনিধি।
জিডি সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে জেলা পরিষদ থেকে বারাকপুর সন্যাসীঘাট খেয়াঘাট ইজারা নিয়ে চুক্তি অনুযায়ী পরিচালনা করে আসছিল সংস্থাটি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলা পরিষদের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহবুবুর রহমানসহ চারজন কর্মকর্তা বেআইনিভাবে উক্ত ইজারা বাতিল করেন। পরবর্তীতে এ নিয়ে আদালতে সিআর ৪৪১/২৫ নম্বরে একটি মামলা দায়ের করা হলে মহামান্য আদালত সিআইডি-কে তদন্তের নির্দেশ দেন। গত ১৮ আগস্ট সিআইডি তদন্ত শেষে ওই চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে চার্জশিট প্রদান করে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহবুবুর রহমান (বর্তমানে নেত্রকোনা জেলা পরিষদে কর্মরত) এবং অন্য আসামিরা মামলাটি প্রত্যাহারের জন্য প্রলোভন ও স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করে ব্যর্থ হন। এরই জেরে গত ৬ সেপ্টেম্বর খুলনা সার্কিট হাউস মাঠের গেটের সামনে হেলমেট পরিহিত ২-৩ জন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী জাকারিয়া খানের গতিপথ রোধ করে। তারা তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বলে, “এস. এম. মাহবুবুর রহমানের নামে মামলাটি প্রত্যাহার না করলে তোর জীবনের ক্ষতি করা হবে।” এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের আইনগত সুরক্ষার জন্য খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭৭৫, তাং: ০৯/০৯/২০২৬) অন্তর্ভুক্ত করেছেন ভুক্তভোগী। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button