ভারতে ইফতারের আয়োজনে হিন্দুত্ববাদী চরমপন্থীদের সশস্ত্র হামলা : আহত ৬

প্রবাহ রিপোর্ট ঃ পুনে জেলার পুরন্দর তালুকার অস্কারওয়াড়ি গ্রামে ইফতারের জন্য সমবেত হওয়া একদল মুসলিম যুবকের ওপর শতাধিক মানুষের একটি সশস্ত্র দল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।গত শুক্রবার সন্ধ্যায় একটি লেকের পাড়ে যখন তারা রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এফআইআর অনুযায়ী, পুনের কোন্ধওয়া এলাকার ৩৬ বছর বয়সী কাপড়ের ব্যবসায়ী ফিরোজ সায়াদ এবং তার বন্ধুরা মিলে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে করে অস্কারওয়াড়ি গ্রামের একটি লেকের পাড়ে গিয়েছিলেন। সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে তারা যখন ইফতারের জন্য ফল ও খাবার সাজাচ্ছিলেন, তখন হঠাৎ ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে পৌঁছায়। অভিযোগ উঠেছে যে, আক্রমণকারীদের কাছে লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। তারা সেখানে উপস্থিত যুবকদের ধর্মীয় পোশাক এবং টুপি পরা নিয়ে আপত্তি জানায় এবং উস্কানিমূলক মন্তব্য করে। এক পর্যায়ে তারা যুবকদের মাথা থেকে টুপি খুলে ফেলার নির্দেশ দেয় এবং শারীরিক আক্রমণ শুরু করে। সাসওয়াদ পুলিশ স্টেশনে এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং ভারতীয় অস্ত্র আইনে মামলা রুজু করেছে।পুলিশ পরিদর্শক কুমার কদম জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। পুলিশ উল্লেখ করেছে যে, উক্ত স্থানটি কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থান নয়। গ্রামবাসীর দাবি, এর আগে কখনও সেখানে ইফতারের জন্য এভাবে মানুষ জড়ো হতে দেখা যায়নি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলায় ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। এসডিপিআই নেতা আজহার তাম্বোলি অভিযোগ করেছেন যে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এই হামলার পেছনে রয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।


