বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ অস্ট্রেলিয়ার উদীয়মান অলরাউন্ডার অ্যারন হার্ডি পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন। শুক্রবার অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। হার্ডি বলেছেন, ‘বাবর দারুণ। তিনি সব বিদেশি খেলোয়াড়কে খুব উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। আজ নেটে তার সঙ্গে ব্যাটিং করার সুযোগ পেয়েছি।’ তিনি আরও বলেছেন, ‘তার মতো এত মানসম্পন্ন একজন খেলোয়াড়ের কাছ থেকে কিছু শেখার সুযোগ পাওয়া সত্যিই অসাধারণ। তার অধিনায়কত্ব নিজেই কথা বলে। তিনি অনেক পরিপক্ক এবং খেলা সম্পর্কে অনেক জানেন।’ আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের বিকল্প হিসেবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন জালমিতে যোগ দিয়েছেন হার্ডি। দলের সামগ্রিক গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হার্ডি বলেছেন, ‘টপ অর্ডারে কিছু সত্যিকারের মানসম্পন্ন ব্যাটার আছেন। কিছু তরুণ বোলার, ভালো পেস ও স্পিনের বিকল্প আছে। আমি মনে করি আমাদের একটি সত্যিকারের ভারসাম্যপূর্ণ দল রয়েছে।’ হরমুজ প্রণালী সংকট ও পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ে দর্শক ছাড়াই এবারের পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠে দর্শক না থাকায় তাই হতাশা প্রকাশ করেছেন হার্ডি। তিনি বলেছেন, ‘দর্শক না থাকাটা দুঃখজনক। আমরা আশা করছি টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু দর্শক আসতে পারবেন। তবে দর্শক থাকুক বা না থাকুক, আমরা শতভাগ দিয়ে মাঠে নামব।’



