জাতীয় সংবাদ

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের নোটিশ : ৭১ বিধি শেষে আলোচনার আশ্বাস

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় সংসদে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ ইস্যুতে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী নির্ধারিত অন্যান্য কার্যক্রম শেষে এ নোটিশের ওপর আলোচনার আশ্বাস দিয়েছেন অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এ চিত্র দেখা যায়। অধিবেশনের শুরুতে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হলেও সংসদের কার্যক্রমে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই অন্যান্য দৈনন্দিন কার্যক্রমের আগে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ এ নোটিশের ওপর আগে আলোচনার দাবি জানানো হয়। এর জবাব সরকারি দলের চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের অধিকার নিশ্চিত করতে প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধিতে আলোচনার জন্য নির্ধারিত সময় রয়েছে। এই সময় শেষে বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর আলোচনা হতে পারে। এতে সরকারি দলের কোনো আপত্তি নেই। কিন্তু শুরুতেই ৭১ বিধি স্থগিত করলে সাধারণ সংসদ সদস্যদের (বেসরকারি সদস্য) অধিকার ক্ষুন্ন হবে। তবে বিরোধীদলীয় নেতা জানান, ৬৪ বিধি অনুযায়ী ৭১ বিধির আগেই এটি উত্থাপনের সুযোগ রয়েছে এবং সেই বিধি মেনেই তিনি নোটিশ দিয়েছেন। সবশেষে ডেপুটি স্পিকার রীতিনীতি ও ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, ৭১ বিধি শেষ হওয়ার পর বিরোধীদলীয় নেতার দেওয়া নোটিশটি আমলে নেওয়া হবে। এরপর তিনি সংসদে ৭১ বিধির কার্যক্রম শুরু করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button