জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর দপ্তরে বিরোধীদলীয় নেতা: সৌজন্য দেখিয়ে প্রশংসা কুড়ালেন তারেক রহমান

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এবং বিদায় বেলায় এগিয়ে দিয়ে অনন্য রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার দৃষ্টান্ত স্থাপন করেন। জানা যায়, সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গেই ডা. শফিকুর রহমানকে সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নেতার মধ্যকার এই সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। তারা কার্যালয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যখন বিদায় নিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এমন রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা দেখে সেখানে উপস্থিত সবাই প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবসময় সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন আচরণে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিয়ে তিনি তার স্বাভাবিক সৌজন্যতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button