মাদ্রাসাছাত্র যমজ ভাইয়ের খোঁজ মিলছে না ৩ দিন ধরে

প্রবাহ রিপোর্ট ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসাছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রোববার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা যায়, রোববার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিন দিন পর বেলকুচি থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহণ করা হয়েছে, ঘটনা বেলকুচি থানা এলাকায় হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



