বিনোদন

ব্যস্ততা শেষে যুক্তরাষ্ট্রে অপূর্ব

প্রবাহ রিপোর্ট ঃ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একসময় সারা বছর নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে কাজের ধরন। এখন বেছে বেছে অভিনয় করেন এই অভিনেতা। পাশাপাশি বছরের একটা বড় সময় কাটে যুক্তরাষ্ট্রে। দেশে ফিরলে টানা শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন, আবার কাজের ব্যস্ততা শেষ করে পাড়ি জমান প্রবাসে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন অপূর্ব। এরপর থেকেই শুরু হয় নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা। প্রায় দুই মাসের বিরতি শেষে আজ আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তিনি। দেশে থাকার এই সময়ে অর্ধডজনের বেশি নাটকে অভিনয় করেছেন অপূর্ব। সবশেষ মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘শিরোনামে তুমি’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ফারিহা শামস সেঁওতি, সাবেরী আলমসহ আরও অনেকে। এর আগে মাসরিকুল আলম, জাকারিয়া সৌখিন, এস আর মজুমদার ও রুবেল হাসানের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। এসব নাটকে তার বিপরীতে জুটি বেঁধেছেন শার্লিন ফারজানা, তানজিম সাইয়ারা তটিনী, নাজনীন নিহাসহ জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী। নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ততা বাড়ছে অপূর্বর। একাধিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এখনো নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সিনেমা নিয়ে সুখবর দিতে পারবেন বলে আশাবাদী এই অভিনেতা। অভিনয়ের বাইরেও সংগীত নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে অপূর্বর। গত আগস্টে দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একক কনসার্টে গান শুনিয়েছিলেন তিনি। সেই আয়োজনে শ্রোতাদের কাছ থেকে পেয়েছেন দারুণ সাড়া। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন শহরে কনসার্ট করার বিষয়ে আলোচনা চলছে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের কনসার্টে দারুণ সাড়া পেয়েছি। এরপর আরও কয়েকটি শহর থেকে আয়োজকরা আগ্রহ প্রকাশ করেছেন। এ মাসেই কয়েকটি কনসার্ট নিয়ে চূড়ান্ত কথা হতে পারে।’ নাটকের শুটিং শেষ করে আপাতত যুক্তরাষ্ট্রে ফিরলেও অভিনয় ও সংগীত- দুই ক্ষেত্রেই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন অপূর্ব। ফলে আগামী দিনগুলোতে তার ভক্তদের জন্য নতুন কোনো সুখবর আসতে পারে, এমন প্রত্যাশা থাকছেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button