বাংলাদেশের লড়াইয়ে মুগ্ধ গেইল : বললেন ‘ভয় পাইয়ে দিয়েছিল’

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ লক্ষ্যটা ছিল ২১৮ রানের। সেই রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে একতরফা বলতে রাজি নন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। বরং বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ কিছুটা ভয়ও ধরিয়ে দিয়েছিল। লিজেন্ডদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রনি তালুকদার। ৯৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন এই ওপেনার। জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু এনে দেন ক্রিস গেইল ও চ্যাডউইক ওয়াল্টন। মাত্র ২৫ বলে ৫৬ রান করে আউট হন গেইল। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন ওয়াল্টন। ৫টি চার ও ৮টি ছক্কায় ৪৩ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটেই ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেন গেইল। প্রতিপক্ষকে একতরফাভাবে শাসন করার দাবি নাকচ করে তিনি বলেন, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৮ রান করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন। অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’ নিজেদের ব্যাটিং নিয়েও কথা বলেছেন ক্যারিবীয় এই ওপেনার। বড় লক্ষ্য তাড়া করতে শুরুটা ভালো হওয়া জরুরি ছিল বলে মনে করেন তিনি। গেইল বলেন, ‘২০০ রান তাড়া করতে আমাদের ভালো শুরু দরকার ছিল। আমি ও লেন্ডল একরকম ভিতটা গড়ে দিয়েছিলাম। এরপর চ্যাডউইক ওয়াল্টন এসে আমাদের হয়ে ইনিংসটি শেষ করে দিয়েছে।’ এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল ওয়েস্ট ইন্ডিজ।



