সম্পাদকীয়

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অলস টাকা : ঋণসেবার পরিধি বাড়াতে হবে

টাকা এক হাত থেকে আরেক হাতে যাবেÑএটিই টাকার ধর্ম। এভাবে যত বেশি হাত বদল হবে, সেই অর্থনীতি তত গতিশীল। অথচ দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড় জমে রয়েছে, কিন্তু ঋণের অভাবে ধুঁকছেন উদ্যোক্তারা। এই অবস্থা দেশের সামগ্রিক অর্থনীতির স্থবিরতাকেই সামনে আনে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৭ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ব্যাংকগুলো দিয়েছে মাত্র ৬০ টাকা। অর্থাৎ আরো শতকরা ২৭ টাকা ঋণ দেওয়ার সক্ষমতা অব্যবহৃত রয়ে গেছে। আমানত বাড়লেও ঋণ বিতরণ না বাড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বলা বাহুল্য, সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। দেশি-বিদেশি বিনিয়োগে প্রত্যাশিত গতি আসছে না, বাজারেও স্থবিরতা কাটছে না। বিশেষ করে বেসরকারি খাত রীতিমতো ধুঁকছে। অনেক কারখানা সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না, কিছু প্রতিষ্ঠান বন্ধের উপক্রম। অর্থাৎ একদিকে পুরনো প্রতিষ্ঠান সংকটে জর্জরিত, অন্যদিকে বিনিয়োগের অভাবে উদ্যোক্তারা নতুন কাজে হাত দিতে পারছেন না। আবার এটিও ঠিক, এই স্থবিরতার মধ্যে অনেকে বিনিয়োগে আগ্রহও পাচ্ছেন না। সব মিলিয়ে বাজারব্যবস্থায় প্রত্যাশিত গতি আসছে না। কিন্তু তাই বলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম থেমে নেই। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না থাকায় বাজারে পণ্যের দাম বেড়েই চলছে। এই অবস্থায় সীমিত আয়ের মানুষ দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে দেখা গেছে, গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আমানত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। কিন্তু বিপরীতে ঋণ বেড়েছে ১ শতাংশেরও কম। অর্থাৎ ব্যাংকে টাকা রয়েছে, কিন্তু ঋণ দেওয়া হচ্ছে না। এসব ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ এই সময় ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে মাত্র তিন হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ আমানত জমা হলেও তা ঋণ হিসাবে বেসরকারি খাত বা উদ্যোক্তাদের কাছে যাচ্ছে না। ঋণ বিতরণ কমে যাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখন বড় ঋণ দেওয়ার পরিবর্তে ছোট, কৃষি, নতুন এবং নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব খাতে ঋণের ঝুঁকি কম। এ কারণে ঋণের প্রবাহ কম মনে হতে পারে। এ ছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদহার এবং ব্যাংকগুলোর সতর্ক অবস্থানের কারণেও ঋণ বিতরণ বাড়ছে না। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়গুলো অস্বীকার করার জো নেই। খেলাপি ঋণ এড়াতে ব্যাংকগুলোর এমন সতর্ক অবস্থান জরুরি। কিন্তু একই সঙ্গে এটিও দেখা দরকার, সফল উদ্যোক্তারা যেন নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পারেন। ঋণ কম দেওয়া সমাধান নয়, বরং যোগ্য উদ্যোক্তাকে ঋণ দিতে হবে। সম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, বাজারে মন্দাভাবের কারণে ভালো ব্যবসায়ীদেরও ত্রাহি ত্রাহি অবস্থা। সময়মতো ব্যাংকঋণ পরিশোধ করতে পারছেন না। এই অবস্থায় তাঁদের নামও খেলাপি ঋণের খাতায় উঠছে। আমরা মনে করি, অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। ঋণ বিতরণে তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ঋণসেবার পরিধিও বিস্তৃত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button