সেন্ট মার্টিনে পর্যটকদের দুর্ভোগ : চাই সুষ্ঠু ব্যবস্থাপনা

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছর পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে ১ নভেম্বর থেকে। এর মধ্যেই পত্রপত্রিকার খবরে চরম অব্যবস্থাপনার খবর আসছে। একদিকে পর্যটকদের পদে পদে ভোগান্তি, অন্যদিকে পর্যটকরাও সংকটাপন্ন দ্বীপে ভ্রমণবিধি মানছেন না। পর্যটকদের অভিযোগ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডাব্লিউটিএ ঘাট থেকে শুরু করে দ্বীপভ্রমণের শেষ পর্যন্ত পদে পদে রয়েছে বিড়ম্বনা। রয়েছে প্রশাসনের সমন্বয়হীনতার অভিযোগ। জাহাজে দীর্ঘ যাত্রা নিয়েও অনেকে আপত্তি জানিয়েছেন। এর মধ্যে আবহাওয়া বিরূপ হলে ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। এ সময় অসহায় পর্যটকদের পাশে কাউকে পাওয়া যায় না। সুযোগ বুঝে হোটেল, খাওয়া খরচের দাম কয়েক গুণ আদায় করা হয়। সম্প্রতি প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের অভিজ্ঞতা ছিল এমনই তিক্ত। অন্যদিকে সেন্ট মার্টিন ভ্রমণে ১২ দফা স্পষ্ট নির্দেশনা রয়েছে, কিন্তু সেগুলো মানছেন না পর্যটকরা। ছেঁড়াদ্বীপ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা উপেক্ষা করে দলে দলে পর্যটকরা সেখানে যাচ্ছেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে। এমনকি স্বেচ্ছাসেবীদের সঙ্গেও তাঁরা দুর্ব্যবহার করছেন, এমন খবরও পাওয়া গেছে। এ ছাড়া দ্বীপের বালুচরে থাকা শামুক-ঝিনুক পিষ্ট করছেন, বোতলবন্দি করে নিয়ে আসছেনÑপর্যটকদের এমন বিবেচনাহীন কর্মকা- দ্বীপের প্রাণবৈচিত্র্েযর অপূরণীয় ক্ষতি করতে পারে। সেন্ট মার্টিনকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। একসময় টেকনাফ থেকে অল্প সময়েই দ্বীপ ভ্রমণ করা যেত। বর্তমানে সেই পথ বন্ধ রয়েছে। পর্যটকরা শুধু কক্সবাজার দিয়ে যাতায়াত করতে পারেন। অভিযোগ রয়েছে, অল্প কয়েকটি জাহাজ থাকায় মালিকরা মর্জিমাফিক ভাড়া নির্ধারণ করে থাকেন। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডাব্লিউটিএ মালিকানাধীন নৌঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এসব কারণে সেন্ট মার্টিনে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য কমেছে, যা আমাদের পর্যটন খাতের জন্য সুসংবাদ নয়। দেশের পর্যটন খাতে রয়েছে অপার সম্ভাবনা। আমাদের রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সেন্ট মার্টিনের মতো প্রবাল দ্বীপ, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন। কিন্তু আমরা এসব সম্ভাবনার যথাযথ ব্যবহার করতে পারছি কোথায়? এদিক থেকে অনেক দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। জানা যায়, পর্যটকদের দুর্ভোগের অভিযোগের ভিত্তিতে গত রবিবার কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেন্ট মার্টিন দ্বীপে যান। এমন নজরদারি নিয়মিত হওয়া প্রয়োজন। পর্যটনশিল্পের বিকাশে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পর্যটকদের অসুবিধা বিবেচনায় নিতে হবে। পাশাপাশি পর্যটকদেরও কর্তব্য, সরকারের ১২ দফা নির্দেশনা যথাযথ মেনে চলা। তাহলেই পর্যটনে সফলতার পাশাপাশি সংকটে থাকা দ্বীপের অস্তিত্বও রক্ষা হবে।
