শ্যামনগরে ‘বালি খাদক’ হাবিবুল্লাহর একচ্ছত্র আধিপত্য : দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে অতিষ্ঠ জনপদ

শ্যামনগর প্রতিনিধি ঃ সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে এক ব্যক্তির নাম এখন আতঙ্কের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘বালি খাদক’ হিসেবে। অভিযোগ উঠেছে, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহÑযিনি উপজেলার আটুলিয়া ইউনিয়নের জোনাব গাজীর ছেলেÑরাজনৈতিক পরিচয়ের আড়ালে গড়ে তুলেছেন এক বিশাল অপরাধ সাম্রাজ্য। অবৈধভাবে বালু উত্তোলন, সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি এবং সরকারি কাজে টেন্ডারবাজিসহ এমন কোনো অভিযোগ নেই, যা তার বিরুদ্ধে শোনা যায় না। উপজেলার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে এখন একটাই প্রশ্নÑএই অপ্রতিরোধ্য সাম্রাজ্য থামানোর কি কেউ নেই? নদী থেকে ফসলি জমি: সর্বত্রই ‘বালি খাদক’ থাবা স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় এই অঞ্চলের নদী ও খাল থেকে অপরিকল্পিতভাবে এবং অবৈধ উপায়ে বালু উত্তোলন করে পরিবেশ ও বেড়িবাঁধকে চরম ঝুঁকির মুখে ফেলেছেন হাবিবুল্লাহ ও তার অনুসারীরা। বাঁধের পাশ থেকে বালু তোলায় বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো উপকূলবাসী। এ কারণেই স্থানীয়রা তাকে ‘বালি খাদক’ উপাধি দিয়েছেন। জমি দখল ও নিরীহ মানুষের আর্তনাদ আটুলিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় অসহায় ও সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জমি জবরদখলের একাধিক অভিযোগ রয়েছে হাবিবুল্লাহর বিরুদ্ধে। ভুক্তভোগী কয়েকজন জানান, প্রতিবাদ করতে গেলে তাদের মিথ্যা মামলা, হামলা ও এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়। জীবনের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাপ-দাদার ভিটেমাটি চোখের সামনে দখল হয়ে যাচ্ছে, কিন্তু বিচার চাইতে যাওয়ার মতো কোনো জায়গা নেই।” চাঁদাবাজি ও টেন্ডারবাজির সিন্ডিকেট অভিযোগ রয়েছে, শ্যামনগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ন্ত্রণে তার নিজস্ব সিন্ডিকেট সক্রিয়। তাকে নির্দিষ্ট অঙ্কের চাঁদা না দিলে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারেন না। এছাড়া স্থানীয় হাট-বাজার, ঘাট ও পরিবহন খাত থেকেও নিয়মিত চাঁদা তোলার অভিযোগ উঠেছে তার বাহিনীর বিরুদ্ধে। প্রশাসন ও দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন এতসব অভিযোগের পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, দলীয় পদ-পদবি ব্যবহার করে কেউ যদি জনদুর্ভোগের কারণ হয়, তবে সাংগঠনিকভাবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? পাশাপাশি প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত জিএম হাবিবুল্লাহর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপকূলীয় এই জনপদের সাধারণ মানুষের এখন একটাই দাবিÑআইনের শাসন প্রতিষ্ঠা করে এই দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটানো হোক।



