নগরীতে ফের চাঁদার দাবিতে বাড়ির গেটে গুলি

# অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসীর ৩ সহযোগী শুটারগান, কার্তুজ, গাঁজা ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে চাঁদার দাবিতে আবারও গুলির ঘটনা ঘটেছে। নগরীর মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে একটি বাড়ির গেটে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা তিন যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এদিকে একই দিন ভোরে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানি বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী সেজানসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে সুমনের বাড়িতে একটি মোটরসাইকেলে করে তিন যুবক আসে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে এসে তারা এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ১০ থেকে ১৫ দিন ধরে কয়েকজন যুবক ওই বাড়ির লোকজনের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার এসে তারা বাড়ির গেটে গুলি চালায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যাবে। এদিকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেজান, সত্তার ও নয়ন নামে তিনজনকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার সেজান খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানি বাহিনীর প্রধানের একান্ত সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



