সম্পাদকীয়

নিয়ন্ত্রণহীন মাদকের বিস্তার : চাই সমন্বিত উদ্যোগ

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান এবং নিয়মিত মাদকদ্রব্য আটকের পরও দেশে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আসছে না। রাজধানীসহ বড় শহরগুলো ছাড়াও প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সব মাদক। মাদকের কারণে সমাজে বাড়ছে অপরাধ। কোনো পরিবারে মাদকাসক্ত সদস্য থাকলে সেই পরিবারের দুর্দশার শেষ নেই। মাদকের অর্থ জোগাতে খুনখারাবির ঘটনা প্রায়ই পত্রপত্রিকায় আসছে। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক দিন আগে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছে, মাদকের টাকা না পেয়ে তাঁকে হত্যা করেছেন স্বামী। বিয়ের মাত্র এক মাসের মাথায় এ ঘটনা ঘটে। আখাউড়ার আরেক পরিবারের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, পেশায় ইলেকট্রিশিয়ান, একসময় তিনিই ছিলেন পরিবারের আয়ের একমাত্র ভরসা। কিন্তু এখন নেশার টাকা না পেলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন। আরেক মা মাদকাসক্ত ছেলেকে রীতিমতো ভয় পানÑকখন টাকা চেয়ে বসে। বহু পরিবারের এমন অসহায় পরিস্থিতি। খবরে বলা হয়েছে, মাদকপাচারের বড় রুট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলা। কসবা, আখাউড়া ও বিজয়নগরে অন্তত অর্ধশত সীমান্তপথ দিয়ে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করছে। এসব এলাকায় তিন শতাধিক কারবারি সক্রিয় রয়েছে। অনেকের বিরুদ্ধে ডজন ডজন মামলাও রয়েছে, কিন্তু তারা নির্বিঘেœ নিজেদের কারবার করছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়েই নিয়মিত বিপুল পরিমাণ মাদক প্রবেশ করে বলে বিভিন্ন সময় খবরে জানা যায়। কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিদিন ইয়াবা ঢুকছে। আন্তর্জাতিক সীমানা, সাগর, পাহাড় ও দুর্গম হওয়ায় কারবারিরা দীর্ঘদিন থেকেই ওই এলাকায় সাম্রাজ্য গড়ে তুলেছে। জানা গেছে, গডফাদাররা দেশের বাইরে থেকেই এসব মাদক চক্রের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে থাকে। অভিযানে চুনোপুঁটিরা আটক হলেও গডফাদাররা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়া এমন বহু মাদক কারবারি রয়েছে, যাদের পুলিশ আটক করেছে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই জামিনে বের হয়ে এসে আবার মাদক কারবারে জড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ এবং নজরদারির অভাবের কারণে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। মনে রাখা দরকার, যেকোনো সমাজের জন্য মাদক হলো অভিশাপ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ না করলে এর কুফল একসময় গোটা জাতিকেই ভোগ করতে হয়। পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তর ক্ষতিগ্রস্ত হতে থাকে। কাজেই মাদকের বিস্তার রোধ করতেই হবে। এ জন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন উদ্যোগ প্রয়োজন। সুস্থ সংস্কৃতির চর্চাই পারে সমাজকে সুস্থ রাখতে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button