আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে : মোশাররফ করিম

প্রবাহ রিপোর্ট ঃ পোশাকের চাকচিক্য কিংবা বাহ্যিক জৌলুস নয়, মানুষের প্রকৃত আভিজাত্য প্রকাশ পায় তার ব্যক্তিত্বে- এমনই এক জীবনদর্শনের কথা তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সাদামাটা সাজের একটি ছবি প্রকাশ করে ছোট্ট অথচ অর্থবহ ক্যাপশনে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন মোশাররফ করিম। সেখানে দেখা যায়, প্রকৃতির শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছেন অভিনেতা। পরনে ছাই রঙের সাধারণ পাঞ্জাবি, চোখে সানগ্লাস। নেই কোনো চাকচিক্য, নেই আড়ম্বর। অথচ তার ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতিই ছবিটিকে করে তুলেছে আলাদা। ছবির সঙ্গে মোশাররফ করিম লেখেন, ‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে।’ ছোট্ট এই বাক্যেই যেন নিজের জীবনদর্শনের একটি দিক তুলে ধরেছেন অভিনেতা। বাহ্যিক সাজসজ্জার চেয়ে মানুষের ব্যক্তিত্ব, আচরণ ও নিজস্বতাই যে তাকে আলাদা করে তোলে- ক্যাপশনটিতে সেই বার্তাই ফুটে উঠেছে। দীর্ঘ অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্র ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন মোশাররফ করিম। পর্দার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা, উপলব্ধি ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবি প্রকাশের পরই ভক্তদের নজর কাড়ে পোস্টটি। সাদামাটা পোশাকে অভিনেতার ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির পাশাপাশি ক্যাপশনের গভীরতাও প্রশংসা কুড়িয়েছে। কমেন্টে ভক্তদের অনেকেই জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। কারও কাছে ছবিটি আকর্ষণীয় লেগেছে, আবার কেউ প্রশংসা করেছেন মোশাররফ করিমের ভাবনার। ফলে সাদামাটা একটি ছবিও তার স্বভাবসুলভ ব্যক্তিত্ব ও দর্শন প্রকাশের উপলক্ষ হয়ে উঠেছে।



