বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলবার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এ উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানকে একই ধরনের উপহার দেওয়া হয়েছে। প্রতিটি আগ্নেয়াস্ত্রে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। তবে কিয়ার স্টারমারের নামে খোদাই করা রিভলবারটি যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়নি। এটি বর্তমানে তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছেই রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, অস্ত্রটি যুক্তরাজ্যে পাঠানোর আগে সেটিকে নিষ্ক্রিয় করা হবে। ফলে এটি দিয়ে আর কোনো তাজা গুলি ছোড়া সম্ভব হবে না। জানা গেছে, প্রেসিডেন্ট এরদোয়ান এ উপহার দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিলেন। তবে যথাযথ অনুমতি ছাড়া তাজা আগ্নেয়াস্ত্র যুক্তরাজ্যে আমদানি করা অবৈধ হওয়ায় রিভলবারটি আপাতত তুরস্কেই রাখা হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট রিভলবারটির কোনো ছবি প্রকাশ করেনি। ন্যাটো সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেন। এর ফলে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পথ আরও সুগম হবে। সম্মেলন শেষে দেওয়া এক বিবৃতিতে স্টারমার বলেন, এ আয়োজনের পর ন্যাটো জোট আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, তা পেরেছি। আর তা হলো জোটের ঐক্য। বিশেষ করে ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের এ সময়ে আমাদের এ ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।’ সূত্র: বিবিসি।



