পদবি বদলে ফেললেন নেতানিয়াহুর ছেলে

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক হারেৎজ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় বছর ধরে তিনি সরকারি নথিতে ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন। ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয়পত্র নম্বরের বিপরীতে নাম দেখা যাচ্ছে ‘ইয়োনাতান হান’। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বালফোর ০’। গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের তীব্র সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়তে থাকার মধ্যেই এই নাম পরিবর্তনের খবর প্রকাশ্যে এসেছে। তবে ইয়াইর কেন হঠাৎ নাম পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ইয়াইর নেতানিয়াহু এর আগে যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকা- ও বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে একাধিকবার আলোচনায় এসেছেন। অন্যদিকে তার বাবা বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলার পাশাপাশি গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন। হারেৎজ আরও জানিয়েছে, নেতানিয়াহু পরিবারে এটিই প্রথম নাম পরিবর্তনের ঘটনা নয়। ইয়াইরের ছোট ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: হারেৎজ।



