খুলনায় নবজাতক পাচারকারী নারীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : খুলনায় শারমীন আক্তার নামে এক নারীকে নবজাতক পাচার মামলায় যাবজ্জীবন কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে । বৃহস্পতিবার খুলনার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন। তবে দন্ডপ্রাপ্তা আসামি শারমীন আক্তার পলাতক রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস জানান, ২০২০ সালের ১২ মে সকালে নগরীর মাতৃমঙ্গল স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ ব্যবসায়ী আশিকুর রহমান দম্পতির সন্তান জন্ম নেয়। এসময় শারমীন আক্তার ঐ পরিবারের আত্মীয়া পরিচয় দিয়ে নার্সদের কাছ থেকে নবজাতককে নিজের কাছে নেয়। এক পর্যায়ে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে রিকশায় ওঠে। রিকশাওয়ালার সন্দেহ হলে তিনি চিৎকার শুরু করেন। এতে আশেপাশের লোকজন জড়ো হয়ে হাতেনাতে শারমীন আক্তারকে আটক করে। পরে শিশুটির পিতা আশিকুর রহমান বাদী হয়ে খুলনা থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন। করোনার সময় প্রায় দেড় বছর আসামি শারমীন কারাগারে ছিলেন। পরে জামিনে বের হয়ে পালিয়ে যায়।



