বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক জনসভা

# ৩ দিনের কর্মসূচি ঘোষনা #
সাইফুল্লাহ তারেক : বন্ধকৃত সকল জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের বকেয়া সকল পাওনা পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং অনতিবিলম্বে শ্রমিক ঠকানো মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থাপূর্বক আইনের আওতায় আনার দাবিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজি: নং ১০) উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক। প্রচার সম্পাদক শ্রমিক নেতা ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন ফেডারেশনের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা কারী আসহাব উদ্দিন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, শ্রমিক নেতা মোজাম্মেল হোসেন, জুট স্পিনারের শ্রমিক নেতা কিসমত আলী, মোঃ জাহাঙ্গীর,হুগলী বিস্কুট কম্পানির সিবিএ’র সভাপতি মোস্তাফিজুর রহমান, এযাক্স জুট মিল সিবিএ নেতা আজাহার মাতুব্বর, আঃ ওহাব, আমির মুন্সি, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় বক্তারা বেসরকারি সকল জুট মিল অবিলম্বে চালু, শ্রমিক কর্মচারীদের পাওনা বকেয়া পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শ্রমিক ঠকানো মিল মালিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। আগামি ৫ মে সোমবার শ্রম পরিচালকের সাথে মতবিনিময় ও ৭ মে বুধবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও ১১ মে শনিবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।



