খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের আন্দোলনে অংশ না নেয়ায় ৮ তেল ব্যবসায়কে তেল উত্তোলনে বাধা

স্টাফ রিপোর্টার ঃ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। এর অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনায়ও এই কর্মবিরতি চলে। খালিশপুরের কাশিপুরে পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়। ওই আন্দোলনে খুলনাঞ্চলের আটটি তেলের পাম্প অংশ নেয়নি। এতে করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের কতিপয় নেতৃবৃন্দ ক্ষুব্দ হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির প্যাডে আঃ সোবহান মোড়ল তিন ডিপোতে লিখিত অভিযোগ জমা দেন। ওই অভিযোগে বলা হয়, রবিবারের আন্দোলনে সবাই অংশ নিলেও কয়েকটি তেলের পাম্প অংশ নেয়নি। তারা যথারীতি তেল উত্তোলন করেছে। সংগঠনের নির্দেশনা না মানায় তারা যাতে ডিপো থেকে সোমবারে তেল উত্তোলন করতে না পারে সে জন্য তিন তেল ডিপো ম্যানেজারকে অনুরোধ করে চিঠি দেয়া হয়েছে বলে সোবহান মোড়ল জানান। এ ঘটনায় তেলের পাম্প মালিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটি ক্ষমতা অপব্যবহার করেছে। তারা অনেকটা নিজেদের স্বার্থে এ আন্দোলনের নাটক করছে। ফ্যাসিস্টদের যোগসাজসে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন করছে বলে অনেক পাম্প মালিক মনে করেন। তারা বলেন, এ কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা পতিত সরকারের ফ্যাসিস্টের নিয়ে গত ১৭ বছর এ তেল সেক্টর দখল করে রেখেছে। এখনও তাই করতে চাইছে বলে পাম্প মালিকদের দাবি। অবিলম্বে সমিতি ফ্যাসিস্ট মুক্ত করে জাতীয়তাবাদী ইসলামীমূল্যবোধে বিশ্বাসী তেল ব্যবসায়ীদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।



