স্থানীয় সংবাদ

অভয়নগরে কৃষক দল নেতা হত্যা মামলায় দুই যুবদল নেতার নাম

# প্রতিবাদে বিক্ষোভ মিছিল : আটক ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম হত্যাকা-ের ৪ দিন পর মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতে নিহতের বড়ভাই এস এম রফিকুজ্জামান টুলু বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এজাহারভুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ।
দায়ের করা মামলায় অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর যুবদলের দুই নেতার নাম থাকায় সোমবার রাতে বিক্ষোভ মিছিল ও থানার সামনে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
হত্যা মামলার অভিযুক্ত ১১জন হলেন, উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বিরেশ্বর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৪৫), একই গ্রামের দিলীশ্বর বিশ্বাসের ছেলে দীনেশ (৩৫), কার্ত্তিকের ছেলে দূর্জয় (২৫), সুজিত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৭), নিরঞ্জনের ছেলে অজিত (২৭), বিকাশ বিশ্বাসের ছেলে পল্লব (৩৫), বিনয় বিশ্বাসের ছেলে পবন বিশ্বাস ওরফে গজো (২৮), একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে অতীত মন্ডল (৪০), রাজঘাট সাহেবপাড়ার জাকির কোরাইশীর ছেলে আকরাম আকতার কোরাইশী পাপ্পু (৩৫), বনগ্রামের মৃত বেনজীরের ছেলে মাসুদ পারভেজ সাথী (৪০) ও যশোর কোতোয়ালী থানার রামনগর পিকনিক কর্ণার এলাকার সিদ্দিক খানের ছেলে ফিরোজ খান (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে বৃহস্পতিবার বিকালে তরিকুল ইসলাম ও তার এক সহযোগি সুমন ধোপাদী গ্রাম থেকে মোটরসাইকেলযোগে সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর তরিকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি টিনের ঘরের ভেতরে নেয়া হয়। এরপর তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
অপরদিকে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলায় অভয়নগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী ও নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম আকতার কোরায়েশী পাপ্পুর নাম জড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের একাংশের নেতাকর্মীরা। মামলা দায়ের পর সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে অভয়নগর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র নেতা মশিয়ার রহমান মশি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তরিকুল হত্যা মামলার এজাহার থেকে দুই যুবদল নেতার নাম প্রত্যাহার করা না হলে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করা হবে। প্রয়োজনে আন্দোলন লাগাতার কর্মসূচিতে পরিণত করা হবে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে দুই যুবদল নেতার নাম মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবী করেন বক্তারা।
মামলার বিষয়ে মঙ্গলবার (২৭ মে) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘তরিকুল ইসলাম হত্যাকা-ে নিহতের বড়ভাই রফিকুজ্জামান টুলু বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করেন। এজাহারভুক্ত সাগর বিশ্বাস ও ফিরোজ খানকে আটক করা হয়েছে। তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button