সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটনের

# বামজোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার বিশিষ্ট সাংবাদিক এবং খুলনা প্রেসক্লাবের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলুর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে গতকাল বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি এসএ রশীদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা জেলা সহ সম্পাদক কবীর হোসেন, সদস্য এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, মোস্তফা খালিদ খসরু, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, এ্যাড. সনজিত মন্ডল প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বুলু একজন ন্যায়নিষ্ঠ নির্ভিক সাংবাদিক। তিনি দূর্বল চিত্তের মানুষ ছিলেন না। ফলে তার মত মানুষ আত্মহত্যা করবে তা স্বাভাবিক বিচারে বিশ্বাসযোগ্য নয়। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমেও তার মৃত্যুর ঘটনার নানাদিক বিচার করে রহস্যজনক বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের তদন্ত ছাড়া শুরুতেই এই মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করাকে আমরা সঠিক মনে করি না। বরঞ্চ সত্যানুসন্ধানী সাংবাদিক বুলুর নানা রিপোর্ট সংবাদমাধ্যমে ছাপা হওয়ায় তিনি বিভিন্ন সমাজবিরোধী শক্তির চক্ষুশূল ছিলেন। আবার জায়গা-সম্পত্তি নিয়েও বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। সুতরাং ভালো করে তদন্ত ছাড়া তার মৃত্যু নিয়ে আত্মহত্যার মত এত সরল সিদ্ধান্ত টানা উপযুক্ত বলে আমরা মনে করি না। তাছাড়া এই মৃত্যু আত্মহত্যাজনিত হলেও এর পিছনে কারও ইন্ধন আছে কি না তারও তদন্ত করে দেখা দরকার। নেতৃবৃন্দ আরও বলেন, খুলনায় সাংবাদিকদের জীবন ঝুঁকিমুক্ত নয়। অনেক সাংবাদিকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। বর্তমান সরকারের আমলেও সারাদেশে অনেক সাংবাদিক হয়রানির শিকার হয়েছে, হত্যার ঘটনাও ঘটেছে। এখনও সাংবাদিকরা লিখতে ও কথা বলতে ভয় পাচ্ছে। এরকম চলতে থাকলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন অধরা থেকে যাবে। নেতৃবৃন্দ তাই সাংবাদিক বুলু সহ সকল সাংবাদিক হত্যা ও হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।



