দৌলতপুরে এসপি শফি’র ভাইয়ের রহস্যজনক মৃত্যু : নানা গুঞ্জন

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুর পাবলা তিন দোকানের মোড় এলাকায় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মো. শামীম নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র ও খুলনার সাবেক এসপি এসএম শফিউল্লাহ’র ছোট ভাই বলে এলাকাবাসী জানিয়েছে। এটি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা ঘিরে ওই এলাকায় নানা গুঞ্জন উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিপারিক দ্বন্দ্বের জের ধরে শামীম নিজ বসতঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অপর আরেকটি সূত্র বলছে, তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
দৌলতপুর থানা পুলিশের সূত্রে জানা গেছে, তিন দোকানের মোড় এলাকায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে জানতে পেরে বাড়ীতে গিয়ে ঘর তালাবদ্ধ ছিল এবং বাড়ীতে কোনো আত্মীয়-স্বজনও ছিল না। তার মৃত্যুর সঠিক কারণের বিষয়ে এলাকাবাসী সঠিক কোনো তথ্য দিতে পারেনি।
এ বিষয়ে দৌলতপুর থানার এস আই সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তির মৃত্যুর খবর নিতে গিয়ে জানতে পারি- তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সে মোতাবেক হাসপাতালে গিয়ে চিকিৎসকের সাথে কথা বলে জানতে পারি হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার লাশ নিয়ে গোপালগঞ্জে নিজ বাড়ীতে চলে যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। তার লাশ নিয়ে পরিবার গোপালগঞ্জ চলে যায়। এ বিষয়ে ভিকটিম পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



