নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন : মামলা হয়নি

# খুনিদের আটকে অভিযান চলছে : পুলিশ #
স্টাফ রিপোর্টার ঃ গেল রোববার রাতে সোনাডাঙ্গা থানাধীন বয়রা করিম নগর এলাকায় আলাউদ্দিন মৃধা (২৫) নামে এক যুবককে তার স্ত্রীর সন্তানের সামনেই গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলাউদ্দিন মৃধার মরদেহ গতকাল বিকাল চারটায় খুমেক হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে সোনাডাঙ্গা থানা পুলিশ। গতকাল বাদ আসর ময়লাপোতা নূরানী জামে মসজিদ প্রাঙ্গনে নিহতদের জানাজা নামাজ সম্পন্ন হয়। এরপর নগরীর বসুপাড়া কবন্থানে নিহত আলঅউদ্দিন মৃধার পিতা, মাতার কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ কবীর হোসেন বলেন, নিহত আলাউদ্দিন মৃধার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় এখনও কেউ মামলা করেনি। খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য গেল রবিবার সন্ধ্যার পর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন করিম নগর সৈয়দ আলী হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামাই পাড়া এলাকায় নিজ বাড়ীতে নিহত হয় আলাউদ্দিন । তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬ জন দৃর্বৃত্তরা এসে বাড়ী থেকে ডেকে নিয়ে তার স্ত্রী সন্তানের সামনে গুলি ও হত্যা নিশ্চিত করতে তাকে জবাই করে পালিয়ে যায়। নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে। সে ফেরী করে ডিম বিক্রি করত। পাশাপাশি এলাকায় জমি কেনা বেচার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এছাড়া গেল ১০ দিন আগে একটি মাদক মামলায় জামিনে বের হয়।


