অভয়নগরে তিন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিষ্ফোরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন, নওয়াপাড়া ইনস্টিটিউট ও বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। ৩টি স্থানে ৩টি ককটল বিষ্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নওয়াপাড়া রেল স্টেশনের প্লাটফর্মের সামনে একটি, একই রাত সাড়ে ১১ টার দিকে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে একটি এবং রাত সাড়ে ১২ টার দিকে নওয়াপাড়া গ্রামে বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় মিতা ভিলার সামনের সড়কে একটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। তবে এ বিষ্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘ককটেল বিষ্ফোরণের পৃথক তিনটি ঘটনাস্থল রাতেই পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উপজেলাব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।’


