“ইসলামী মূল্যবোধ চর্চা ও সামাজিক অবক্ষয় রোধে করণীয়” শীর্ষক বিশেষ সেমিনার

# আত-তূর ফাউন্ডেশনের উদ্যোগ #
খবর বিজ্ঞপ্তি ঃ আত-তূর ফাউন্ডেশনের উদ্যোগে “ইসলামী মূল্যবোধ ও সামাজিক অবক্ষয় রোধে করণীয়” শীর্ষক এক বিশেষ সেমিনার গত ৪ জুলাই ২০২৬ (শনিবার) খুলনার নিরালাস্থ আল-বারাকাহ্ হিফজুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন হযরত মাওলানা মুফতী মাহ্ফুজুর রহমান (ইমাম ও খতিব, নিরালা বড় জামে মসজিদ) এবং হযরত মাওলানা মুফতী ফরিদ উদ্দিন (মুফতি, দারুল উলুম মাদ্রাসা, মুসলমানপাড়া, খুলনা)। সেমিনারে সভাপতিত্ব করেন আত-তূর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস (ইমাম ও খতিব, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ)। এছাড়াও অনুষ্ঠানে খুলনা শহরের বিভিন্ন স্বনামধন্য মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক এবং আত-তূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে আলোচকবৃন্দ বর্তমান সমাজে ইসলামী মূল্যবোধের গুরুত্ব, সামাজিক অবক্ষয়ের কারণ এবং তা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষভাবে আমানতদারিতা, নৈতিকতা ও আদর্শিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে আত-তূর ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থিত সুধীজনের সামনে তুলে ধরা হয়। তিনি ফাউন্ডেশনের সার্বিক সফলতা ও কল্যাণ কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সেমিনারের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।



