নগরীর বিভিন্ন জলাবদ্ধ স্থানসমূহ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রশাসক নগরীর নয়াবাটী, বিজিবি কার্যালয় ও সিএসডি গোডাউনের সম্মুখে, বাস্তুহারা দিঘীর মোড়, দৌলতপুর পাবলা কেশব লাল রোডসহ ৩০ ও ৩১নং ওয়ার্ডের বিভিন্ন স্লুইচগেট এবং বটিয়াঘাটার নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল, মতিয়াখালী খালের পানি প্রবাহ পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রশাসক বলেন, কোথায় কোথায় পানি আটকে থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তা চিহ্নিত করার চেষ্টা করছি। আগামী বর্ষার পূর্বেই চিহ্নিত সমস্যার সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ড্রেনেজ প্রকল্পের কাজ চলমান থাকায় কিছু কিছু স্থানে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি সমাপ্ত করতে বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায়ও নগর সংলগ্ন কিছু খাল খনন করার পরিকল্পনা রয়েছে। প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক অধ্যক্ষ তরিকুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, জলমা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আশিকুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর মহেশ^রপাশা পুলিশফাড়ি রোডে বায়তুল মামুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।



