স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ : এনসিপির পরিচয়ে খুলনায় ছাত্রদল নেতা ফাহিমের ওপর হামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের পরিচয় ব্যবহার করে ছাত্রদল নেতা ফাহিমের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর দাদা কিচেনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ছাত্রদল নেতা ফাহিমের অভিযোগ, হামলার ঘটনায় আর এস হৃদয়, খুলনা মহানগর ছাত্রশক্তির বহিষ্কৃত নেতা নাহিদ ও ইশতিয়াক হোসেন জড়িত ছিলেন। তবে হৃদয় ও ইশতিয়াক এনসিপির সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন এবং তারা সংগঠনের পরিচয় ব্যবহার করে নিজেদের পরিচিতি তুলে ধরেন বলে দাবি করা হয়েছে। হামলার শিকার ফাহিম জানান, তিনি দাদা কিচেনে খাবার খাওয়ার সময় হঠাৎ হৃদয়, নাহিদ ও ইশতিয়াকসহ আরও কয়েকজন যুবক তার ওপর হামলা চালান। এ সময় হৃদয় ও নাহিদ প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলকে নিয়ে কটূক্তি করেন এবং খুলনাকে ছাত্রদলমুক্ত করার ঘোষণা দেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে এনসিপি নেতা সাজিদুল ইসলাম বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই অবগত নই। আমার কোনো সহযোদ্ধা বা সহকর্মী কিংবা এনসিপির কেউই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কেউ আলোচনায় আসা বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি।” তিনি আরও বলেন, নারী ও সাংবাদিকদের হেনস্তা করার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এদিকে, হামলার অভিযোগের বিষয়ে আর এস হৃদয়, নাহিদ ও ইশতিয়াকের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। হামলার শিকার ছাত্রদল নেতা ফাহিম জানিয়েছেন, তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দাদা কিচেনে উপস্থিত একজন কাস্টমার নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়টি তারাও শুনেছেন। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় তারা প্রতিবাদ করার সুযোগ পাননি বলে দাবি করেন তিনি। এ ছাড়া, ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button