বাচ্চা চুরির সন্দেহে গণপিটুনি : চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

খুমেক প্রতিনিধি ঃ খুলনায় বাচ্চা চুরির সন্দেহে রাজু বিশ্বাস (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর বয়রা রায়েরমহল এলাকার সেভ ড্রিংকিং পানির ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজু বিশ্বাস ফুলতলা থানার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নজরুল। তিনি ফুলতলা কেরামতের কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। আড়ংঘাটা থানার এসআই রতন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এএসআই হেলাল আহত রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়। তবে পথিমধ্যে রাজু অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজুর মৃত্যু হয়। এসআই রতন আরও জানান, এ ঘটনায় মামলা করতে থানায় গেলে মিলন ও জিল্লু নামে দুজনকে আটক করা হয়। বর্তমানে তাদের হাসপাতালের প্রিয়জন সেলে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বাচ্চা চুরির অভিযোগটি সত্য কি না এবং গণপিটুনির ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।



