বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ : আটক ৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। মেরেলগঞ্জ শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন ঘটনাস্থল পরির্দশন কালে জানান, শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকন ও লাকি বেগম দম্পত্তির ছেলে রাফি আকন (৯) বাবা মা’র বিচ্ছেদের পর সে দাদা-দাদীর কাছে থাকতো। দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। গত শুক্রবার বিকাল থেকে সে নিখোঁজ ছিল। রাফি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। সোমবার সকালে বাড়ির পাশের খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকা-। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।



