স্থানীয় সংবাদ

যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে : সীমান্তে নিরাপত্তা জোরদার

যশোর ব্যুরো ঃ যশোর জেলার বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ঢোকা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রোববার ১৫ নভেম্বর বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে তাদের মতামত ও পরামর্শ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button