সুন্দরবনে বন বিভাগের খুলনা রেঞ্জে কঠোর নিরাপত্তা

# পুণ্যার্থীদের নিবিঘেœ চলাচল করতে মাঠে কাজ করবে একাধিক টিম #
রিয়াছাদ আলী, কয়রা (খুলনা)ঃ সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূজা উপলক্ষে খুলনা রেঞ্জের বনজ সম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। আগামী ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী রাস পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে সুন্দরবনে বিশেষ টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। এ বছর ৫ টি রুটে চলচল করতে পারবে পুন্যার্থীরা। এ ছাড়া অন্য কোন স্থানে কোন ভাবেই অবস্থান করতে পারবে না। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে রাস পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে। পূজায় অংশ গ্রহণের ক্ষেত্রে বিগত বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে বন বিভাগ জানিয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজায় অংশ নিতে সমবেত হন। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনেক পুণ্যার্থী দুবলার চরকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করে এখানে আসেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের আগমনে রাস পূজা পরিণত হয় এক বৃহৎ ধর্মীয় সমাবেশে। পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ ধরা, বন্যপ্রাণীর ক্ষতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- ঠেকাতে এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন বিভাগের বিভিন্ন টিমের পাশাপাশি স্মার্ট টিমও টহল কার্যক্রম পরিচালনা করবে। সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের পূজা শুরুর আগেই নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হবে। স্মার্ট টিমও নিরাপত্তা ও নজরদারিতে কাজ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে। রাস পূজাকে সামনে রেখে গত ১৯ নভেম্বর সকাল ১০ টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম। এ সভায় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কাগা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মকর্তারা। সভায় জানানো হয়, রাস পূজাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বনজ সম্পদ আহরণের অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।



