জাতীয় সংবাদ

৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তী সরকার ৮ অগাস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছে তা প্রত্যাখান করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির আহ্বায়ক শরীফ ওসমান হাদী বলেছেন, সরকার যদি সেদিন নতুন বাংলাদেশ দিবস পালন করে, তাহলে ইনকিলাব মঞ্চ বিপ্লব-বেহাত দিবস পালন করবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে এ অবস্থানের কথা তুলে ধরেন তিনি। শরীফ ওসমান হাদী বলেন, অন্তর্বর্তী সরকার ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেবো না। ৮ অগাস্ট আবার কোথা থেকে এলো? আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ অগাস্ট। আমরা বেঁচে থাকতে ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে দেওয়া হবে না। সরকার এমন কিছু করলে ওই দিন সারা দেশে পালিত হবে বিপ্লব-বেহাত দিবস। তিনি বলেন, শহীদ আবু সাঈদ দিবসকে শুধু আবু সাঈদ দিবস না করে বরং জুলাই শহীদ দিবস বা শহীদ দিবস ঘোষণা করা হোক। যাতে অন্যান্য শহীদের পরিবার এই দিবসটিকে সমানভাবে নিজের করে নিতে পারে। জুলাই সনদ আদায়ের দাবিতে আগামী ১ জুলাই ‘লাল মার্চ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে হাদি বলেন, সেদিন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকাল ৪টায় ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। তিনি বলেন, সেদিন লাল মার্চে যেসব জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবে, ছাত্র-জনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন, জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন; আমরাও তাদের সঙ্গে থাকবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button