জাতীয় সংবাদ

দুদকের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, ৪ প্রতারক গ্রেফতার

প্রবাহ রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত শনিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রোববার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়। দুদক ওই পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পরে পুলিশ সুপার পদ মর্যাদায় কর্মরত দুদকের একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধান কমিটি পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত শনিবার রাতে প্রতারক চক্রের মূল হোতা সেলিমসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রতারকরা হচ্ছে- মো. সেলিম (৪০), তরিকুল ইসলাম তারেক (৪০), মো. আতিক (৩৮) এবং আব্দুল হাই সোহাগ (৩৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, সমকাল পত্রিকার নামে থাকা একটি আইডি কার্ড, এশিয়ান টিভি, এফসি টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারীর ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইলসেট, ১৩টি সিমকার্ড জব্দ করা হয়। প্রতারকচক্রটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। এই চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button