ছাত্রশিবিরকে অ্যাকাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখার দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন- কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারেনি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনুষ্ঠানে জামায়াত আমির আরও বলেন, ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনও একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সব অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেবো। যারা অপপ্রচার করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। অ্যাকাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। দুই দিনব্যাপী প্রোগ্রামে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশীপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা সবার বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমাদের সবার হয়ে উঠতে হবে। আমাদের পথচলায় যেন আদর্শের প্রতিফলন ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আমানতদারীতার পরিচয় দিতে হবে।



