জাতীয় সংবাদ

এনইআইআর ব্যবস্থার সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

প্রবাহ রিপোর্ট ঃ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। একইসঙ্গে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে (এমবিসিবি) মানববন্ধনও করেন তারা।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, নতুন এনইআইআর নীতিমালা প্রণয়নে দেশের প্রায় ২০ হাজার ব্যবসায়ীর স্বার্থ বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি এনইআইআর চালুর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাও করা হয়নি।
ব্যবসায়ীদের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে খাতের অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবেন এবং বাজারে প্রতিযোগিতা কমে গিয়ে বিশেষ কিছু গোষ্ঠী লাভবান হবে। পাশাপাশি অতিরিক্ত কর ও বিধিনিষেধের কারণে মোবাইল ফোনের দাম বাড়বে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
মানববন্ধনে অংশ নেওয়া মোবাইল ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, এনইআইআর চালু হলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো। দীর্ঘদিনের ব্যবসায়িক বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে।
আরেক ব্যবসায়ী সুজন রানা অভিযোগ করে বলেন, নীতিমালায় বাস্তবতা বিবেচনা করা হয়নি। এতে ব্যবসা সংকুচিত হবে, বাজারে প্রতিযোগিতা কমে গিয়ে ভোক্তার ওপর বাড়তি চাপ পড়বে।
মূলত, আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এটি চালু হলে দেশের নেটওয়ার্কে আর অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট চলবে না বলেও জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button