ঈদুল আজহায় ছুটি পাবেন না যারা

প্রবাহ রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির সময়েও জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতা বহির্ভূত থাকবেন। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা হিসেবে গণ্য বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না। এ ছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরাও কর্মস্থলে উপস্থিত থাকবেন।
বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মী ও যানবাহনগুলোকেও ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
ঈদের ছুটির সময়ে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে। ফলে এ সেবার সঙ্গে যুক্ত কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা ছুটিতে যেতে পারছেন না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং এর কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্য অফিসগুলোও এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে আলাদা নির্দেশনা প্রদান করা হবে।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকলেও এর বিনিময়ে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।



