জাতীয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি জড়িত ছিল আমিরাত : আরাগচি

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ

প্রবাহ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে “সরাসরি জড়িত” ছিল। বৃহস্পতিবার(১৪ মে) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বৈঠকে এ অভিযোগ তোলেন তিনি। ইরানের আধা-সরকারি মেহর বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আমিরাতের প্রতিনিধির বক্তব্যের জবাবে আরাঘচি এই মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যের স্বার্থে তিনি প্রথমে নিজের বক্তব্যে আমিরাতের নাম উল্লেখ করেননি। তবে তার দাবি, ইরানের বিরুদ্ধে হামলা শুরু হওয়ার পরও আমিরাত কোনো নিন্দা জানায়নি এবং আগ্রাসনের ঘটনায় তারা সরাসরি সম্পৃক্ত ছিল।
তবে আমিরাতের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে : হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা জাহাজটি এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি।
তারা বলেছে, আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার দূরে নোঙর একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে। এটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবহন করা হতো।
গত রবিবার দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজে একট অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়।
ট্রাম্প অবশ্য ওই সময় দাবি করেছিলেন ইরানিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button