জাতীয় সংবাদ

আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ জাতি : সেনাপ্রধান

প্রবাহ রিপোর্ট : আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে ঠিক করতে পারি, তাহলে ৩০ বছর পর একটি সুস্থ ও আদর্শ জাতি পাবো। বর্তমানে আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। ফলে ইসলামিক শিক্ষায় বেড়ে ওঠা অনেকের সমাজে ভূমিকা সীমিত হয়ে যায়। এ কারণেই আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘নতুন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে।’

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।’
তিনি আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ করবে। সময়ের চাহিদা বিবেচনায় রেখেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন সেনাপ্রধান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button