জাতীয় সংবাদ

ত্রিশালের সেই থাপ্পড় মারা ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জানা যায়, সম্প্রতি ত্রিশালের কালীরবাজার এলাকায় বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে ইউএনও মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ অভিযোগের পরদিন দিনভর কার্যালয়ে না থাকার পর বিকেলে সমঝোতা বৈঠকে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইউএনও। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরাফাত সিদ্দিকীকে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম ত্রিশালের ইউএনওকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button