ট্রাফিক আইন ভাঙলে পিছু ছোটার দিন শেষ, মহাসড়কে হবে অটো ফাইন

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ অটো ফাইন সিস্টেম ক্যামেরা বসানো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের পরই চালু হবে এ কার্যক্রম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিচালিত অটো ফাইন সিস্টেমে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ বা যত্রতত্র পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। আইন লঙ্ঘনকারী যানবাহনের ছবি ও তথ্যের ভিত্তিতে জরিমানার বার্তা চলে যাবে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে। সোমবার (১৭ আগস্ট) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অটো ফাইন সিস্টেম উদ্বোধন করার সঙ্গে সঙ্গে এর কার্যক্রম শুরু হয়ে যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, হাইওয়ে সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে পালিয়ে যাওয়ার সময় যানবাহন ধরতে হাইওয়ে পুলিশের পিছু ছুটে চলার দিন শেষ। এখন অটোমেটিক ক্যামেরায় ধরা পড়বে যানবাহন, শনাক্ত হবেন মালিকও। অটো ফাইন সিস্টেমে শনাক্ত হওয়া যানবাহনের নম্বরসহ তথ্য সরাসরি বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কাছে চলে যাবে। অপরাধ শনাক্ত হওয়ার পর মামলার বিবরণী বা কেসের তথ্য নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এরপর নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ বা নগদ) ব্যবহার করে জরিমানা পরিশোধ করা যাবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এ উদ্বোধন অনুষ্ঠান হবে।


