জাতীয় সংবাদ

সাজেকে পর্যটক ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

প্রবাহ রিপোর্ট ঃ পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র দলকে সাজেক থেকে বিতাড়িত করার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অবশেষে প্রত্যাহার করে নিয়েছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে সংগঠন দু’টি অবরোধ প্রত্যাহারের বিষয়টি একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে অবরোধ প্রত্যাহার করা হলেও রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। একইসঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে রোববার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও অবরোধ করেছিল সংগঠন দু’টির সমর্থকরা। যে কারণে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব রকম যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধের কারণে সাজেকে সকাল থেকে কোনো পর্যটন প্রবেশ কিংবা বের হতে পারেনি। রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের অবরোধ আগামী দু’দিন অর্থাৎ ১২ এবং ১৩ অক্টোবর স্থগিত করেছে সংগঠনগুলো। এদিকে দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর বিশেষ এসকর্টের সহায়তায় সাজেক ছেড়েছেন আটকে পড়া প্রায় ১ হাজার ২০০ পর্যটক এবং সাজেকে নতুন করে প্রবেশ করেছে ৫৮টি চাঁদের গাড়িসহ (জিপ) শতাধিক পরিবহন। এসব পরিবহনে করে প্রায় এক হাজার পর্যটক সাজেকে পৌঁছেছেন বলে জানা গেছে। সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, দুপুরে পর্যটকরা বিশেষ নিরাপত্তায় সাজেক ছেড়েছেন এবং আরও পর্যটকবাহী যান সাজেকে প্রবেশ করেছে। তবে সাজেকে প্রবেশ করা পর্যটকের সংখ্যা এখনো যাচাই করা সম্ভব হয়নি। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে সাজেকে কোনো পর্যটক আটকা নেই। প্রশাসন চারদিক নজর রাখছে, আমরা বৈঠকে আছি। এর আগে সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দিতে এবং সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রোববার সকাল ৬টা থেকে সাজেকে সড়ক অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন। সাজেক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অধ্যুষিত অঞ্চল এবং সংগঠন দু’টি ইউপিডিএফ সমর্থিত সংগঠন বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার দুপুরে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতি দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিল। গত ৮ অক্টোবর সাজেকের উজোর বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাজেক থেকে সন্তু গ্রুপের পিসিজেএসএস’ সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এসময়ের মধ্যে পিজিজেএসএস’র সশস্ত্র সদস্যদের সরিয়ে না নেওয়ায় রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবোরোধের ডাক দেয় স্থানীয় সংগঠন দু’টি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button