সিআইএ’র গোপন মূল্যায়ন : ইসরায়েলে গৃহযুদ্ধের ঝুঁকি

প্রবাহ রিপোর্ট ঃ দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক চাপ আর তীব্র রাজনৈতিক-সামাজিক বিভাজনে ভেতর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ছে ইসরায়েল-এমন আশঙ্কা উঠে এসেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএর একটি গোপন মূল্যায়নে দেশটিতে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ নামে ওই মূল্যায়নটি গত আগস্টে সিআইএর রেড সেল ইউনিট তৈরি করেছে বলে জানিয়েছে ড্রপ সাইট নিউজ। দুই মার্কিন সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, সিআইএর এই ইউনিট প্রচলিত গোয়েন্দা ধারণাকে চ্যালেঞ্জ করে বিকল্প পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে। ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক সংকট একই সময়ে তীব্র হচ্ছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি, দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের ফিরে আসা এবং কট্টরপন্থী অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে ক্ষোভ। গাজায় দীর্ঘ যুদ্ধের পাশাপাশি লেবানন ও ইরানে সামরিক সংঘাতও ইসরায়েলি সমাজের বিভাজন আরও গভীর করেছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় যুদ্ধের পর সেনাদের ফিরে আসা, তাদের মধ্যে মানসিক চাপ এবং সামরিক জনবলের ওপর বাড়তি চাপও অভ্যন্তরীণ অস্থিরতার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের সামরিক সেবায় যোগ দেওয়া নিয়ে বিরোধও পরিস্থিতিকে আরও জটিল করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক প্রচেষ্টাকেও সম্ভাব্য অস্থিরতার একটি কারণ হিসেবে দেখানো হয়েছে। ড্রপ সাইট নিউজের ভাষ্য অনুযায়ী, এ নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনা আরও বাড়তে পারে। মূল্যায়নের সঙ্গে পরিচিত এক মার্কিন সূত্র ড্রপ সাইট নিউজকে বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট কোনো ঘটনাও বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাতের সূত্রপাত করতে পারে। তবে এটি একটি সম্ভাব্য পরিস্থিতির মূল্যায়ন, গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় পতন অবশ্যম্ভাবী-এমন কোনো ঘোষণা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও ইসরায়েলের অবস্থান নিয়ে উদ্বেগের কথা মূল্যায়নে উঠে এসেছে বলে জানিয়েছে ড্রপ সাইট নিউজ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসাকে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখা হয়েছে। তবে ওই গোপন মূল্যায়নের পূর্ণাঙ্গ নথি প্রকাশ্যে আসেনি। ড্রপ সাইট নিউজ দুই মার্কিন সূত্রের বর্ণনার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির মন্তব্যের অনুরোধেও সিআইএ কোনো প্রতিক্রিয়া জানায়নি। মূল্যায়নটিতে ইসরায়েলের আরব নাগরিকদের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: ড্রপ সাইট নিউজ, আনাদোলু এজেন্সি।



