জাতীয় সংবাদ

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত : চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জের ৭ খুনেও জড়িত জিয়াউল

প্রবাহ রিপোর্ট : আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে হত্যার দায়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি ট্রাইব্যুনালকে এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন সামরিক কর্মকর্তা, যাঁর দায়িত্ব ছিল মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু তিনি শতাধিক মানুষকে হত্যা করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউলকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। আমরা মনে করি, এতগুলো হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত।
এর আগে গতকাল জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে মামলার এ বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এ মামলায় জিয়াউলের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ হলো, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়ে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। দ্বিতীয় অভিযোগে উল্লিখিত একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে খুন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত : অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‌্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button