আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি : জননিরাপত্তা নিশ্চিত করুন

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও নাশকতা, কোথাও খুনখারাবি বেড়েছে, আবার কোথাও মাদক কারবারিসহ অন্যান্য অপরাধী মাথাচাড়া দিয়েছে। এক খুলনা মহানগরীতে চলতি মাসে ২৭ দিনে ১৬টি গুলির ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের কাছে খুলনা রীতিমতো আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। এদিকে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তাপের নামে যে নাশকতা হয়েছে, তা নজিরবিহীন। বরিশালে মাদক কারবার ঘিরে বাড়ছে রক্তপাত, সংঘর্ষ। গতকাল প্রায় সব ধরণের পত্র পত্রিকায় ও টিভি চ্যানেলের প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। খবরে বলা হয়, অন্তত ২১ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। কয়েকটি জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের তথ্য বলছে, গত ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৯২টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সারা দেশে অন্তত ১০০টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে খোদ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও টার্গেটের বাইরে নয়। সম্প্রতি পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়ি পোড়ানো ও ভাঙচুর করা হয়। এসব নাশকতায় বিপুল সম্পদহানির পাশাপাশি অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। আরো উদ্বেগের বিষয় হলো, সামনের দিনে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বিশেষ করে ডিসেম্বর মাস ঘিরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজনৈতিক নেতাদের ওপর হামলার আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন আসে, এসব হানাহানি, মারামারিতে কার লাভ? কারো লাভ নেই। একমাত্র যারা দেশ ও দশের ক্ষতি চায়, তারাই এমন হীন কর্মকা-ে লিপ্ত হতে পারে। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলন ঘিরে যে অস্থিরতা দেখা গেছে, সেখানেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এর পেছনেও কুচক্রীমহলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ রয়েছে। কাজেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে। নজরদারি, সন্দেহভাজনদের তালিকা দীর্ঘ হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় ব্যাপকসংখ্যাক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধপ্রবণ জেলাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। জানা গেছে, শুধু রাজধানীতে বিভিন্ন অভিযোগে দৈনিক পাঁচ শতাধিক লোককে আটক করা হচ্ছে। এমনকি নজরদারিতে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। গত ১২ দিনের অভিযানে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রদবদল করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত অভিযান চালাতে হবে। আরেকটি বিষয় লক্ষণীয়, অভিযোগ রয়েছেÑআটকের ক্ষেত্রে অনেক নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন, তা যেন না হয়, সেটি নিশ্চিত করা অপরিহার্য। আমরাও মনে করি, যেসব জেলা তুলনামূলক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। মনে রাখা জরুরি, রাজনীতিতে নাশকতার কোনো স্থান নেই। অপরাধী যে দল-মতেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। আগামী দিনে মানুষের জান-মাল রক্ষায় বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেÑএটাই কাম্য।
