পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা : নিহত ৩

প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে সশস্ত্র হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিতে দুই পথচারীও আহত হন। হামলাকারীরা পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে গেলেও পরে সেটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রদেশটির ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিক পুলিশ প্রতিবেদনের বরাতে ডন জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই বেসামরিক নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার পর অস্ত্রসহ ট্রাফিক পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গ্রাহ বুধা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। হামলাকারীদের ধরতে প্রধান সড়ক ও বিভিন্ন পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন পীর খালিদ, ওয়ার্ডেন গুল আমিন ও ওয়ার্ডেন সেলিমুল্লাহ। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পাশাপাশি শুরু হয় তদন্ত ও সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তথ্যসূত্র: ডন।



