আন্তর্জাতিক

কেন এরদোয়ানের বিরুদ্ধে মামলা করবেন নেতানিয়াহু

প্রবাহ রিপোর্ট ঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। এ জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং আন্তর্জাতিক আইনবিষয়ক বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সম্ভাব্য মামলার নথি তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে তুরস্কের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য তুরস্ক যোগাযোগ করেছে বলে এরদোয়ান ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই আইনি উদ্যোগ নেওয়া হয়। এর আগে তুরস্ক নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছিল। সম্ভাব্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে আই২৪নিউজ। তবে ইসরায়েল সরাসরি আইসিসিতে না গিয়ে অন্য কোনো দেশের মাধ্যমে বিষয়টি উত্থাপনের পথও বিবেচনা করতে পারে। এমনকি শেষ পর্যন্ত মামলাটি দায়ের না-ও হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আই২৪নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামলার প্রস্তুতিকে এরদোয়ানের ওপর চাপ তৈরির একটি কৌশল হিসেবেও ব্যবহার করা হতে পারে। অর্থাৎ মামলা দায়েরের হুমকি বা সম্ভাবনাকে ভবিষ্যতে তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। সম্ভাব্য মামলায় তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে এরদোয়ান সরকারের আচরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি হামাসের সঙ্গে তুরস্ক সরকারের সম্পর্ক ও হামাসকে অর্থায়নের অভিযোগও এতে স্থান পেতে পারে। তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াও এই প্রসঙ্গে আলোচনায় আসতে পারে। এদিকে, গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দেন। এরদোয়ানের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে তিনি তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করেন। নেতানিয়াহুর মন্তব্যের জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন, এসব মন্তব্যের মাধ্যমে গাজায় ইসরায়েলের কর্মকা- এবং আন্তর্জাতিক আইনের আওতায় নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া আড়াল করা যাবে না। এদিকে, নেতানিয়াহু ও ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্ভাব্য মামলার বিষয়ে আই২৪নিউজের কাছে কোনো মন্তব্য করেননি। তথ্যসূত্র: আই২৪নিউজ, আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button