চৌগাছায় হাবিব ঝিকরগাছা মনিরুল ও শার্শায় সোহরাব চেয়ারম্যান নির্বাচিত

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। এসব উপজেলায় প্রাথমিকভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক ইমরান রশীদ নির্বাচিত হয়েছেন। শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শামীমা আলম সালমা। তিনটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত নির্বাচন সংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য জানা গেছে। ইতিমধ্যে ঝিকরগাছা বাজারে মনিরুল ইসলামের কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল করেছে। ভোটাররা তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছেন ও মিষ্টিমুখ করিয়েছেন। নির্বাচিত দু’জনই ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামানের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অনুরুপভাবে সোহরাব হোসেনের কর্মী ও সমর্থকরা শার্শা বাজারে আনন্দ মিছিল করেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি উপজেলায় বিরতিহীনভাবে ইভিএম-এ ভোটগ্রহণ করা হয়। তিন উপজেলার মোট ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এ তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন। এসব ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েই আগামীদিনের জনপ্রতিনিধি নির্বাচিত করেন।



