স্থানীয় সংবাদ

নাগরিক ফোরাম কর্তৃক ‘প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা’ হস্তান্তর অনুষ্ঠানে

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য কাজ করে। সে কারণে দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকদের সমস্যা ও চাহিদাসমূহ জানার চেষ্টা করেছি। সেগুলিই আগামীতে আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিক ফোরাম’ কর্তৃক ‘প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সংস্থাটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন নাগরিক ফোরামের মহাসচিব এস. এম ইকবাল হাসান তুহিন। কেসিসি শীঘ্রই বাজেট ঘোষণা করবে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, উন্নয়ন পরিকল্পনায় যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা গঠনমূলক, বাস্তবসম্মত এবং অধিকাংশই বাস্তবায়নযোগ্য এবং প্রস্তাবনাসমূহ আমাদের পরিকল্পনার মধ্যেও আছে। এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সমাপ্তি, জোয়ারের সময় বৃষ্টির পানি নিস্কাশনে পাম্প স্থাপন, বর্জ্য রিসাইক্লিং সেন্টার চালু, বাইরে থেকে নগরীতে ইজিবাইকের প্রবেশ বন্ধ, ফুটপথ দখলমুক্ত করা, মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ইত্যাদি কাজ বাস্তবায়ন করতে পারলে নাগরিক সমস্যা অনেকটাই হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন। এ সকল কাজে শতভাগ সফলতা অর্জনে তিনি বর্জ্য সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে ৮নং ওয়ার্ডের পিপলস মিলের পশ্চিম ও পূর্বপাশে স্যানিটারী ল্যাট্রিন নির্মাণ, পাওয়ার হাউজ গেট থেকে পিপলস গেট এবং পিপলস গেট থেকে ক্রিসেন্ট গেট পর্যন্ত ড্রেন সংস্কার এবং পাওয়ার হাউজ গেট সংলগ্ন শৌচাগারে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রস্তাবনা পেশ করা হয়। নাগরিক ফোরাম চেয়ারপার্সন রফিকুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ ও বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান। সমাপনী বক্তৃতা করেন নাগরিক ফোরাম কো-চেয়ারপার্সন সরদার আবু তাহের। কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ নাগরিক ফোরাম নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিটি ল’ কলেজে এমবি টিভি বাংলা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমকে সফল করতে এগিয়ে আসায় আয়োজকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সরকার ঘোষিত ‘সবুজে সাজাই বাংলাদেশ’ সফল করতে বৃক্ষরোপণে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহবান জানান। প্রশাসক কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এমবি টিভি বাংলার চেয়ারম্যান এস এম রুহুল আমিন মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী শামীমা সুলতানা শীলু ও দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। দুপুর সাড়ে ১২টা কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং ওয়ার্ডের ডেঙ্গু জ¦রে আক্রান্তদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান, অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা ও সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বর্তমান অবস্থা পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, হাসপাতালের পরিচালক ডা. কাজী মো: আইনুল ইসলাম, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আকরামউজ্জামান, কনসালট্যান্ট ডা. তাজরুল ইসলাম, আরএমও ডা. হোসেন আলী, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। দুপুর ১টায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বেসরকারি সংস্থা ব্রাক এ অনুষ্ঠানের আয়োজন করে। কেসিসি’র সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি ও রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাইদ, কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় ও মোঃ হেলাল উদ্দিন, উপজেলা ব্যবস্থাপক সুকদেব কুমার রায়, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বায়েজিদ, বয়রা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি শেখ মোঃ আলিমুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, সিনিয়র শিক্ষক এম এ ওহাব বুলবুল, আশিষ কুমার দাস, সমাজসেবক মো: আব্দুল হাকিম, মেহেদী হাসান সোহাগ, কাজী জাহিদুল ইসলাম, সাইফুল বকশিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button